জাতীয় ডেস্ক, জনপদের খবর:
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার (২৩ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে পুলিশের একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে। সেখানে রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে ‘গার্ড অব অনার’ প্রদান করবে। এ আনুষ্ঠানিক পর্ব শেষে রাষ্ট্রপতি তাঁর বঙ্গভবনের কার্যালয়ে প্রথম কর্মদিবসের কার্যক্রম শুরু করবেন।
স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা:
এর আগে শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টা ২৭ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর তিন বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন। সেখানে তিনি লেখেন:
“জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ, অসীম সাহস ও অকৃত্রিম দেশপ্রেমের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় মাতৃভূমি—স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এই পবিত্র জাতীয় স্মৃতিসৌধ আমাদের জাতীয় গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন স্মারক, যা চিরকাল দেশপ্রেম ও দেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের বীর, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীরউত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। তাঁদের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের জাতীয় ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।”
তিনি আরও উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে মূল অঙ্গীকার। পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও শহীদদের রুহের মাগফিরাত কামনা শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি ‘উদয়পদ্ম’ বৃক্ষের চারা রোপণ করেন।
স্মৃতিসৌধে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা:
এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এ সময় তাঁরা শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

মোঃ আল আমিন কাজী 


















