কৃষি ও বাণিজ্য ডেস্ক, জনপদের খবর:
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের সার ডিলারদের কঠোর বার্তা ও সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
সংগঠনটির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির বরাত দিয়ে জাতীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের কৃষি উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে এবং কৃষকের কাছে সঠিক মূল্যে সার পৌঁছে দিতে নির্ধারিত সময়ের মধ্যেই অর্থ জমা দিয়ে সার উত্তোলন ও গুদামে মজুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সার গুদামে পৌঁছার বার্তা সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করা, সারের সঠিক বিক্রয় রেজিস্টার হালনাগাদ সংরক্ষণ এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রি প্রতিরোধে নিয়মিত মনিটরিং ও তদারকি করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি নীতিমালা অমান্য করে কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্যে সার বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট সতর্ক করে দিয়েছে বিএফএ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো সুযোগসন্ধানী বা অসাধু চক্র অতিরিক্ত দামে সার বিক্রি করে যেন তার দায়ভার প্রকৃত ডিলারদের ওপর চাপিয়ে দিতে না পারে, সে বিষয়েও ডিলারদের সতর্ক ও সজাগ থাকতে হবে। সুষ্ঠু বিতরণ ব্যবস্থা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মাঠ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক কার্যকর যোগাযোগ রক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।

মোঃ আল আমিন কাজী 


















