হেলাল শেখ, আশুলিয়া:
ঢাকার আশুলিয়ায় ফাঁদে ফেলে অপহরণ, মারধর ও অর্থ আদায়ের অভিযোগে ‘ফিটিংবাজ’ চক্রের দুই নারীসহ পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৩ আগস্ট ২০২৬) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আশুলিয়ার জামগড়া ফকিরবাড়ি, ইউনিক, বাইপাইল বসুন্ধরা ও এরফান মার্কেট সংলগ্ন এলাকায় ধারাবাহিক সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক চক্রে দুই নারী ও তিনজন পুরুষ সদস্য রয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে সুকৌশলে প্রেমের ফাঁদ বা পরিচয় তৈরি করে সাধারণ মানুষকে নির্জন স্থানে ডেকে নিত। এরপর সেখানে আটকে রেখে শারীরিকভাবে মারধর, ব্ল্যাকমেল ও ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
ঘটনার শিকার ভুক্তভোগী মো. রাহাত শিকদার জানান, তাঁকে মিথ্যা প্রলোভনে ফেলে ডেকে নিয়ে একটি চক্রের আস্তানায় জিম্মি করা হয়। সেখানে তাঁকে মারধর করে তাঁর ব্যাংক হিসাব থেকে ৫৯ হাজার টাকা, বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ৪০ হাজার টাকা এবং সঙ্গে থাকা নগদ ৮ হাজার টাকাসহ সর্বমোট প্রায় ১ লাখ ৭ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
রাহাত শিকদার বলেন, “মোছা. রিয়া আক্তার ও তার সহযোগীরা আমাকে কৌশলে ডেকে নিয়ে আটকে রেখে মারধর করে এই বিপুল অর্থ আদায় করেছে। পরে কোনোভাবে ছাড়া পেয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রিয়াসহ পাঁচজনকে আটক করে।”
এ বিষয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাশেদুজ্জামান রাশেদ জানান, ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে চক্রের দুই নারী ও তিন পুরুষ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভুক্তভোগীর দায়ের করা মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মোঃ আল আমিন কাজী 


















