নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর:
আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) আরও আধুনিক, যুগোপযোগী ও জনবান্ধব বাহিনী হিসেবে রূপান্তরের লক্ষ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম নিয়মিত বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স, ১৯৭৯’-কে রহিত করে বিদ্যমান বিধানাবলিকে হালনাগাদ ও বাংলায় রূপান্তরের মাধ্যমে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। ইতোমধ্যে খসড়া আইনটি জনমত যাচাইয়ের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রস্তাবিত আইনের অন্যতম বৈশিষ্ট্য হলো বাংলাদেশ পুলিশ বাহিনীর অধীনে এই ব্যাটালিয়ন একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি)-এর সামগ্রিক নিয়ন্ত্রণ ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে।
নতুন এই আইনের আওতায় বাহিনীটিকে গুরুত্বপূর্ণ বেশ কিছু দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে—সাধারণ জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিবর্গের নিরাপত্তা, সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা বিধান, সন্ত্রাসবাদ দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান। এছাড়া ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইনের বিধান অনুসরণ করে ব্যাটালিয়নের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট আইনি কার্যক্রম পরিচালনার ক্ষমতার প্রস্তাব রাখা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাহিনীর শৃঙ্খলা ও বিচারিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং এর বিচার পদ্ধতির সুস্পষ্ট রূপরেখা প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের চূড়ান্ত ভেটিং-সাপেক্ষে আইনটির খসড়া অনুমোদন করা হয়।

মোঃ আল আমিন কাজী 


















