মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
ঐতিহ্য, সম্ভাবনা ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খুলনাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নগরবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি বলেন, নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, টেকসই সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং সার্বিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ পরিচালনা করছে সিটি কর্পোরেশন।
একটি সুন্দর নগরী গড়ে তুলতে নাগরিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে কেসিসি প্রশাসক বলেন, নগর উন্নয়ন কেবল প্রশাসন কিংবা সিটি কর্পোরেশনের একার প্রচেষ্টায় সম্ভব নয়। খুলনাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে হলে প্রতিটি নাগরিকের সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সরাসরি অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
বার্তায় তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিন ও স্থানে বর্জ্য ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিজ নিজ নাগরিক দায়িত্ব পালনের পাশাপাশি সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক পদক্ষেপে সক্রিয়ভাবে সহযোগিতা করার অনুরোধ জানান।
নজরুল ইসলাম মঞ্জু আরও উল্লেখ করেন, নগরীর সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধির সঙ্গে প্রতিটি নাগরিকের জীবনযাত্রার মান জড়িত। তাই নাগরিক সেবার মান বৃদ্ধির মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করতে কেসিসির কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নগরবাসীর প্রতি আশাবাদ ব্যক্ত করে কেসিসি প্রশাসক বলেন, “খুলনা আমাদের সবার, তাই এর উন্নয়ন ও সুরক্ষার দায়িত্বও আমাদের।” সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি মানবিক, সবুজ ও পরিচ্ছন্ন মডেল নগরীতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে তিনি নগরবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মোঃ আল আমিন কাজী 



















