ক্রীড়া প্রতিবেদক, জনপদের খবর:
ইতালিয়ান ক্লাব এএস রোমার আগ্রহের মধ্যেই তুর্কি ক্লাব গ্যালাতাসারেতে যাওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আর্সেনালের ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি। সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর বরাত দিয়ে ইতালিয়ান গণমাধ্যম ‘ফোরজারোমা’ জানিয়েছে, ক্যারিয়ারের বর্তমান পর্যায়ে তুরস্কের সুপার লিগে পা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালের সঙ্গে মার্টিনেলির বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি রয়েছে। মিকেল আর্তেতার আক্রমণভাগের মূল পরিকল্পনায় জায়গা হারানোর পর এই ব্রাজিলিয়ান তারকাও নতুন গন্তব্যের সন্ধান করছেন। অন্যদিকে চুক্তি নবায়ন না হলে ফ্রি ট্রান্সফারে হারানোর ঝুঁকি এড়াতে তাকে বিক্রি করে উপযুক্ত ট্রান্সফার ফি আদায়ের সুযোগ খুঁজছে গানার্স কর্তৃপক্ষ।
তুরস্কের চ্যাম্পিয়ন গ্যালাতাসারে চলতি সপ্তাহের শুরুর দিকে মার্টিনেলির জন্য ৩৮.৪ মিলিয়ন পাউন্ডের (প্রায় ৪৫ মিলিয়ন ইউরো) একটি আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেছিল। আর্সেনাল সেই প্রস্তাব গ্রহণ করতে আগ্রহী হলেও মার্টিনেলি ব্যক্তিগতভাবে তুরস্কে যেতে সম্মতি না দেওয়ায় চুক্তিটি বাতিল হয়ে যায়।
মার্টিনেলির গ্যালাতাসারেতে না যাওয়ার সিদ্ধান্তে সেরি আ’র ক্লাব রোমার সামনে দারুণ সুযোগ তৈরি হয়েছে। স্ট্রাসবার্গের দিয়েগো মোরেইরা এবং ক্রিসেনসিও সামারভিলকে দলে টানতে ব্যর্থ হওয়ার পর রোমা তাদের আক্রমণভাগ শক্তিশালী করতে মার্টিনেলিকে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। তবে শুধু রোমাই নয়, নাপোলির কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও আক্রমণভাগে বিকল্প বাড়াতে ইতুয়ানুর সাবেক এই প্রতিভাবান ফুটবলারকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছেন।
গত মৌসুমে আর্সেনালের দীর্ঘ প্রতীক্ষিত লিগ শিরোপা জয়ের মিশনে প্রিমিয়ার লিগে ৩০টি ম্যাচ খেললেও মার্টিনেলির ব্যক্তিগত পারফরম্যান্স কিছুটা ম্লান ছিল। বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড নিয়মিত ছন্দে থাকায় একাদশে সুযোগ কমে যায় মার্টিনেলির; মাত্র ১১টি ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়ে তিনি করেন একটি গোল। এমিরেটস ছাড়ার আলোচনা জোরালো হলেও রোমা বা নাপোলির মতো শীর্ষ ক্লাবের জন্য তাকে দলে ভেড়ানো একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।

মোঃ আল আমিন কাজী 



















