ঘাটাইল প্রতিনিধি, জনপদের খবর:
বয়স মাত্র পাঁচ দিন। মায়ের স্নেহের পরশ আর বুকের দুধ পাওয়ার বয়সেই মাকে ছাড়া ছটফট করছে দুটি অবুঝ নবজাতক। টাঙ্গাইলের ঘাটাইলে সন্তান প্রসবের মাত্র পাঁচ দিন পর জমজ দুই কন্যাশিশুকে বাড়িতে রেখে মা মারিয়া (১৮) চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। মায়ের এমন আকস্মিক অনুপস্থিতিতে সদ্যোজাত দুই কন্যাসন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন তাদের বাবা ও পরিবারের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধাড়িয়াল গ্রামে। মারিয়া স্থানীয় শান্তিনগর এলাকার ময়েন উদ্দিনের মেয়ে এবং ধাড়িয়াল গ্রামের সোলায়মান হোসেনের ছেলে সাকিব হোসেনের (২০) স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সাকিব ও মারিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের অমতে তারা বাড়ি ছেড়ে চলে গেলেও পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় তাদের উদ্ধার করে পারিবারিকভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হয়।
বিয়ের প্রায় তিন বছর পর গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘাটাইলের হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মারিয়ার কোলজুড়ে আসে ফুটফুটে জমজ দুই কন্যাশিশু। সন্তান জন্মের পর থেকে মা ও নবজাতকরা স্বাভাবিকভাবেই পরিবারের সাথে ছিল। কিন্তু গত সোমবার রাতে মাত্র পাঁচ দিনের দুই শিশুকে ঘরে রেখেই মারিয়া কাউকে কিছু না জানিয়ে চলে যান বলে স্বামী ও পরিবারের সদস্যরা জানান।
মায়ের স্নেহহীনতায় কাতর দুই অবুঝ শিশুকে নিয়ে দিশেহারা বাবা সাকিব হোসেন বলেন, “মাত্র পাঁচ দিনের দুটি জমজ শিশুকে নিয়ে আমি চরম অসহায় অবস্থায় পড়েছি। নবজাতকদের বাঁচাতে এই মুহূর্তে মায়ের স্নেহ ও দুধের খুব প্রয়োজন। আমি এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা চাইছি, যেন দ্রুত তাদের মা ফিরে এসে সন্তানদের কোলে তুলে নেয়। আমি সেই পথ চেয়েই বসে আছি।”
সাকিবের সন্দেহ, শ্বশুরবাড়ির কোনো ধরনের প্ররোচনায় তাঁর স্ত্রী সন্তানদের ফেলে চলে যেতে পারেন। তবে কেন বা কী কারণে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, ঘটনাটি জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং দ্রুত ওই নবজাতকদের মাকে খুঁজে বের করে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়ার সার্বিক চেষ্টা চালাচ্ছে।

মোঃ আল আমিন কাজী 



















