নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর: বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে আজ সোমবার (২৭ জুলাই) থেকে পুনরায় শুরু হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো। একই সঙ্গে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত নিয়মিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বোর্ডের রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় আজ ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং তাজভিদ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএমটি শাখায় অনুষ্ঠিত হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা।
পরীক্ষা স্থগিতের পেছনের কারণ সম্প্রতি টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা–পরবর্তী পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগের চরম দুর্ভোগ বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অবশিষ্ট সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। একই সিদ্ধান্তের আওতায় আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট পরীক্ষাও স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিক্ষামন্ত্রীর ঘোষণা ও নতুন সিদ্ধান্ত সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক ঘোষণায় জানান, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা পুনরায় শুরু হবে। তবে স্থগিতাদেশের আগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করে পরীক্ষাগুলো নেওয়া হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পরীক্ষার্থীর পরিসংখ্যান শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী রয়েছে ৯৯ হাজার ৬৮৮ জন, যারা আজ থেকে ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

মোঃ আল আমিন কাজী 



















