আন্তর্জাতিক ডেস্ক, জনপদের খবর:
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আয়োজিত ঐতিহ্যবাহী ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’-এ প্রথম স্থান অর্জন করে দেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে পাঁচটি পৃথক শাখায় বিশ্বের বিভিন্ন দেশের শ্রেষ্ঠ হাফেজ ও কারীদের নিয়ে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারকমণ্ডলীর কঠোর মূল্যায়নে প্রতিযোগীদের হিফজের নির্ভুলতা, তিলাওয়াত শৈলী এবং তাজবিদের দক্ষতা যাচাই করা হয়।
এবারের প্রতিযোগিতায় চতুর্থ শাখায় অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। এ শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কুরআনের হিফজের পাশাপাশি নির্ভুল তিলাওয়াত ও বিশুদ্ধ তাজবিদ পরীক্ষা করা হয়। প্রতিটি ধাপে মেধার স্বাক্ষর রেখে বিশ্বের শীর্ষ প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন তিনি।
পবিত্র মসজিদুল হারামে আয়োজিত এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সেরা ৫০ জন বিজয়ীর হাতে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। সৌদি আরবের বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন মক্কা অঞ্চলের উপগভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ।
নিজের অসাধারণ এই সাফল্যে অনুভূতি প্রকাশ করে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, “পবিত্র কুরআনের বরকতেই একটি অজপাড়াগাঁ থেকে আমি আজ পবিত্র মক্কা নগরীতে আসতে পেরেছি। বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে পারা এবং কাবা শরিফের প্রাঙ্গণে বিশ্বের শ্রেষ্ঠ গুণীজনদের মাঝে এই সম্মান পাওয়া আমার জীবনের অন্যতম বড় অর্জন।”

মোঃ আল আমিন কাজী 



















