ক্রীড়া প্রতিবেদক, জনপদের খবর:
বাবা হোর্হে মেসির আকস্মিক প্রয়াণে মানসিক ও ব্যক্তিগতভাবে চরম ধাক্কা খেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আন্তর্জাতিক ক্রীড়ামাধ্যমগুলো গুঞ্জন তুলেছিল, অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে সরে যেতে পারেন এই কিংবদন্তি। তবে সব সংশয় ও জল্পনা উড়িয়ে দিয়ে ইন্টার মায়ামির জার্সিতে আবারও মাঠে নেমে সবাইকে চমকে দিলেন তিনি। কিন্তু মেসির এই আবেগঘন প্রত্যাবর্তনও শেষ রক্ষা করতে পারল না। লিগস কাপে মেক্সিকান ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইন্টার মায়ামি।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ মেক্সিকোর ক্লাব লিওনের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। টুর্নামেন্টের নকআউট পর্বে উঠতে হলে ম্যাচডে ৩-এ জয়ের কোনো বিকল্প ছিল না হেরনদের সামনে। পাশাপাশি অন্যান্য সমীকরণের ওপরও নির্ভর করতে হতো তাদের। ফলে ঘরের মাঠে ম্যাচটি শুরু থেকেই মায়ামির জন্য হয়ে ওঠে ‘বাঁচা-মরার’ লড়াই।
এর আগে প্রথম ম্যাচে অ্যাথলেটিকো সান লুইসকে ৪-২ গোলে হারিয়ে শুভসূচনা করলেও পরের ম্যাচে মন্টেরের কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় হিসাবটা জটিল হয়ে পড়ে মায়ামির জন্য।
বাঁচা-মরার এ ম্যাচে প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেই খেলে মায়ামি। ম্যাচের ৪২তম মিনিটে ১৯ বছর বয়সী তরুণ ফুটবলার ড্যানিয়েল পিন্টারের চমৎকার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিক দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। পিন্টারের বদলে মাঠে নামানো হয় সদ্য পিতৃহারা লিওনেল মেসিকে। গ্যালারিজুড়ে দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। গ্যালারির এই উন্মাদনা মায়ামি শিবিরের ভেতরেও নতুন আশার সঞ্চার করেছিল।
তবে মাঠে নেমেই উল্টো ধাক্কা খায় মায়ামি। ৫০তম মিনিটে ড্যানিয়েল আরসিলার দারুণ গোলে ম্যাচে সমতা ফেরায় লিওন (১-১)। সমতার আনন্দ অবশ্য সফরকারীদের তিন মিনিটের বেশি টিকেনি। ৫৩তম মিনিটে ইয়ানিক ব্রাইট গোল করে ফের মায়ামিকে এগিয়ে নেন (২-১)।
পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মেক্সিকান ক্লাবটি। মায়ামির রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়ে ৬১তম মিনিটে হুয়ান ডমিনগেজের গোলে আবারও সমতা ফেরায় লিওন (২-২)। এরপর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে।
ম্যাচের ৮৩তম মিনিটে আসে নিষ্পত্তিসূচক মুহূর্ত। নিজের দ্বিতীয় ও দলের হয়ে জয়সূচক গোলটি করেন লিওনের তারকা আরসিলা। ম্যাচে প্রথমবারের মতো লিড পেয়ে তা শেষ পর্যন্ত ধরে রাখে মেক্সিকোর দলটি। ফলে ৩-২ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি নকআউট পর্ব নিশ্চিত করে লিওন, অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় ইন্টার মায়ামির।

মোঃ আল আমিন কাজী 



















