আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় দুই দেশে কমপক্ষে ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, দুই পক্ষের স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, এই পাল্টাপাল্টি হামলায় উভয় দেশেই অন্তত ১১ জন করে মোট ২২ জনের প্রাণহানি ঘটেছে। সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধে বেসামরিক মানুষের প্রাণহানি উদ্বেগজনক হারে বাড়লেও, উভয় দেশই সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।
রাশিয়ায় হতাহতের চিত্র
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানিয়েছেন, সোমবার (৩ আগস্ট) গেলেনঝিকের কাছে পর্যটন গ্রাম আরখিপো-ওসিপোভকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।
এর আগে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার মস্কো-সমর্থিত প্রধান সের্গেই আকসিওনভ টেলিগ্রাম বার্তায় জানান, সেখানে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও দুজন। এছাড়া সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ জানিয়েছেন, সীমান্ত এলাকার বিভিন্ন বসতিতে হামলায় চার বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
ইউক্রেনে হতাহত ও ক্ষয়ক্ষতি
অন্যদিকে, ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোলপাম্পে রাশিয়ার ভয়াবহ হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি সেবাকর্মী এবং তার আট বছর বয়সী ছেলেও রয়েছে। ওই অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, হামলার পর সেখানে আগুন ধরে গেলে পেট্রোলপাম্প এবং আশেপাশের কয়েকটি যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়া জাপোরিঝঝিয়ায় রাতভর চালানো আরেক হামলায় আটজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
সামরিক অগ্রগতি ও ওয়াইল্ডবেরিজে হামলা
এদিকে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ এবং উসপেনিভকা নামের দুটি বসতির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
অন্যদিকে, রাশিয়ার পূর্ব ভ্লাদিমির অঞ্চলের খ্রিয়াস্তোভো গ্রামে অবস্থিত বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাধীন পর্যবেক্ষকদের মতে, এই সাইটে সামরিক হেলমেট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, বুলেটপ্রুফ জ্যাকেট এবং ড্রোনে ব্যবহৃত ফাইবার-অপটিক ক্যাবলের মতো দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য বিক্রি হয়।
কূটনৈতিক তৎপরতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান
যুদ্ধ পরিস্থিতির মাঝেই গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বৈঠকটিকে ‘ভালো’ উল্লেখ করে জেলেনস্কি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের জোরালো সহযোগিতা চেয়েছেন। গত শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ফোনালাপেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।
তবে আলজাজিরা জানিয়েছে, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট ট্রাম্প আগে দিয়েছিলেন, তা থেকে তিনি সরে এসেছেন বলেই মনে করা হচ্ছে।

মোঃ আল আমিন কাজী 



















