স্পোর্টস ডেস্ক, জনপদের খবর:
মাত্র চার দিনের ব্যবধানে দুই ম্যাচে মাঠে লুটিয়ে পড়ার ঘটনায় জার্মান তারকা জামাল মুসিয়ালাকে নিয়ে ফুটবল বিশ্বে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে হাইডেনহাইমের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার কিছুক্ষণ পরই হঠাৎ মাঠে পড়ে যান বায়ার্ন মিউনিখের ২৩ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।
মুসিয়ালাকে মাটিতে পড়ে যেতে দেখে তাৎক্ষণিকভাবে ছুটে যান মেডিকেল টিমের সদস্যরা। পরিস্থিতি দেখে উভয় দলের খেলোয়াড়রা উদ্বিগ্ন হয়ে তাকে ঘিরে বৃত্ত তৈরি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের সহায়তায় হেঁটে মাঠ ছাড়েন এই তারকা ফুটবলার।
এর মাত্র কয়েক দিন আগে আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচ চলাকালেও একইভাবে মাঠে পড়ে গিয়েছিলেন মুসিয়ালা। টানা দুই ম্যাচে এমন দৃশ্য দেখে ফুটবলপ্রেমীদের মনে ইউরোতে ক্রিস্টিয়ান এরিকসেনের মাঠের মধ্যে অচেতন হয়ে পড়ার ভীতিকর স্মৃতি ভেসে ওঠে। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানায়, লাইপজিগের ম্যাচে উঠে দাঁড়াতে পারলেও তাকে বেশ কিছুটা অপ্রকৃতস্থ ও বিভ্রান্ত লাগছিল।
শারীরিক অবস্থা নিয়ে চারদিকে জল্পনা শুরু হলে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই পরিস্থিতি স্পষ্ট করেন জামাল মুসিয়ালা। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, স্নায়বিক সমস্যার কারণে তাঁর সাময়িক ‘অ্যাবসেন্স সিজার’ (Absence Seizures) শনাক্ত হয়েছে। চিকিৎসকদের মতে এটি এক ধরনের খিঁচুনিজনিত সমস্যা হলেও সঠিক চিকিৎসার মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।
মুসিয়ালা ভক্তদের আশ্বস্ত করে লিখেছেন, “অনেকেই আমাকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে আমি চিকিৎসকদের চমৎকার তত্ত্বাবধানে রয়েছি এবং বড় ধরনের কোনো স্বাস্থ্যঝুঁকি নেই। লাইপজিগ ও হাইডেনহাইমের ম্যাচে ঘটে যাওয়া ঘটনাটি এই স্নায়বিক সমস্যার কারণেই হয়েছিল। বিশেষজ্ঞদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি।”
শারীরিক এই সাময়িক প্রতিকূলতা কাটিয়ে স্বাভাবিক জীবনযাপন বজায় রাখার পাশাপাশি মাঠে নিয়মিত খেলা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বায়ার্নের এই তরুণ তারকা।

মোঃ আল আমিন কাজী 



















