বাগেরহাট প্রতিনিধি, জনপদের খবর:
দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে বাগেরহাটের গুরুত্বপূর্ণ দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা অংশের পুনর্নির্মাণ ও সংস্কারকাজ শুরু হয়েছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় নামফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বাগেরহাটের দশানী থেকে রামপাল হয়ে মোংলা পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার মহাসড়কের উন্নয়নকাজ ২০২১ সালে চারটি প্যাকেজে শুরু হয়েছিল। তবে এর মধ্যে দশানী থেকে গিলাতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের কাজ পূর্ববর্তী ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকে।
পরবর্তীতে পুরোনো ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করে সড়ক বিভাগ। বর্তমানে ‘মাফুজ খান লিমিটেড’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বাস্তবায়ন করছে। আগামী ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ পুরোপুরি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে বাগেরহাট, রামপাল ও মোংলার মধ্যে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত, নিরাপদ ও ঝুঁকিমুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মোঃ আল আমিন কাজী 



















