জনপদের খবর
অনলাইন সংস্করণ | বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
কৃষক ও ভোক্তার মাঝে সরাসরি সমন্বয় সাধন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘কৃষক বাজার’। এই বাজারের মাধ্যমে কৃষক যেমন তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন, তেমনি ভোক্তারাও পাচ্ছেন সতেজ ও রাসায়নিকমুক্ত নিরাপদ খাদ্য।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সদর উপজেলার আরাজি চণ্ডিপুর গ্রামে এই বাজারের কার্যক্রম শুরু হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র বাস্তবায়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সরেজমিনে বাজারটিতে গিয়ে দেখা যায়, এক উৎসবমুখর পরিবেশ। কৃষকরা তাদের নিজস্ব জমিতে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত নানা ধরনের কৃষিপণ্য নিয়ে হাজির হয়েছেন। বাজারের পসরায় ছিল ক্ষেতের সতেজ শাকসবজি, খাঁটি গরুর দুধ, পুকুরের তাজা মাছ, কলা, আম, কাঁঠাল এবং নিজস্ব বরজের পানসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য।
ক্রেতারাও এই বাজার থেকে সরাসরি কৃষকদের কাছ থেকেই কীটনাশকমুক্ত টাটকা পণ্য ক্রয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত। বাজারে কোনো ফড়িয়া বা মধ্যস্বত্বভোগী না থাকায় ক্রেতারা কিছুটা সাশ্রয়ী মূল্যে তাদের চাহিদামতো পণ্য কিনতে পেরেছেন। এতে একদিকে যেমন সাশ্রয়ী দামে নিরাপদ পণ্য পেয়ে ক্রেতারা খুশি, অপরদিকে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই উৎপাদিত পণ্যের ভালো দাম পেয়ে বিক্রেতা কৃষকদের মুখেও স্বস্তির হাসি ফুটেছে।
আয়োজকদের মতে, মূলত ফড়িয়াদের দৌরাত্ম্য কমানো এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করতেই এই কৃষক বাজারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নিরাপদ খাদ্যের সরবরাহও নিশ্চিত হচ্ছে।
দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত কৃষি অফিসার বাবু নিহার রঞ্জন রায়, পূর্ব আরাজি চণ্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রোকন উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ রইস উদ্দিন সাজু এবং বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জজ মিয়া। এছাড়াও ইএসডিও’র হেড অব প্রোগ্রাম (এগ্রিকালচার) কৃষিবিদ বাবুল বণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোঃ আল আমিন কাজী 



















