জনপদের খবর
অনলাইন সংস্করণ | শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সাংবাদিক আল আমিন কাজী, ঢাকা:
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করতে আগামী দুই-একদিনের মধ্যেই মাদক প্রতিরোধ আইনের সংশোধনী জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে মাদক মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি।
আজ শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গঠিত হবে বিশেষ ট্রাইব্যুনাল
মাদকের বিস্তার রোধ ও দ্রুত বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমলি আদালতের পাশাপাশি প্রয়োজনমতো মাদক মামলার বিষয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। তবে কেবল আইন প্রয়োগ করে এই ব্যাধি দূর করা সম্ভব নয়। আইনের পাশাপাশি সামাজিকভাবে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষ সচেতন হলে মাদকের বিরুদ্ধে আমাদের এই লড়াই আরও সহজ হবে।”
উদ্বেগজনক পরিসংখ্যান ও সরকারের পদক্ষেপ
মাদকের কারণে সমাজে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে অনুষ্ঠানে একটি উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। এটি একটি বড় চিন্তার বিষয় হলেও সরকার এটি নির্মূলে বদ্ধপরিকর।
মাদক নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলো সম্পর্কে তিনি বলেন, “মাদকের বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে এবং এটি বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যারা মাদকের বড় কারবারি, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এরই অংশ হিসেবে মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন পর্যন্ত ৯টি মানিলন্ডারিংয়ের মামলা দায়ের করেছে।”
মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মোঃ আল আমিন কাজী 



















