জনপদের খবর
অনলাইন সংস্করণ | রবিবার, ২৮ জুন, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যমান গ্যাস সঞ্চালন ও বিতরণ পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ রবিবার (২৮ জুন) সকাল থেকে দেশের বেশ কয়েকটি শিল্প ও আবাসিক এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গত শুক্রবার (২৬ জুন) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাময়িক গ্যাস বিভ্রাটের তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস
তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রবিবার সকাল ৯টা থেকে শুরু করে আগামীকাল সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার এবং কাঞ্চন এলাকায় বিদ্যমান সব শ্রেণির (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
এছাড়া, এই সময়ের মধ্যে উল্লেখিত এলাকাগুলোর আশেপাশের আশপাশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে অথবা গ্যাসের স্বল্পচাপ (কম চাপ) বিরাজ করতে পারে।
গ্যাস সরবরাহ বন্ধের কারণ
তিতাস গ্যাস পিএলসি জানায়, সাসেক (SASEC) মেগা প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকায় বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তরের জরুরি কাজ করা হবে। এই উন্নয়নমূলক কাজের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থেই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সকাল থেকেই লাইন স্থানান্তর ও মেরামতের কাজ শুরু করছেন তিতাসের কারিগরি দল। গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে এসব এলাকার গৃহিণী ও শিল্প মালিকদের আগে থেকেই বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মোঃ আল আমিন কাজী 



















