জনপদের খবর
অনলাইন সংস্করণ | সোমবার, ২৯ জুন, ২০২৬
বিনোদন ডেস্ক:
বছর দুয়েক আগে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি এবং জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। এরপর থেকে সুখী দম্পতি হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি পেয়েছিলেন তারা। কিন্তু এর মাঝেই হঠাৎ করে এক নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন জ্যাকি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে বিবাহিত হওয়া সত্ত্বেও জ্যাকি ভগনানি একটি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন।
ভিআইপি ডেটিং অ্যাপে জ্যাকির প্রোফাইল?
‘রায়া’ (Raya) নামের একটি অত্যন্ত জনপ্রিয় এবং কেবল সেলিব্রিটিদের জন্য সংরক্ষিত বিশেষ ডেটিং অ্যাপে এই বলিউড তারকার প্রোফাইল দেখা গেছে বলে নেটপাড়ায় রীতিমতো হইচই পড়ে গেছে। রেডিটের এক ব্যবহারকারী সম্প্রতি একজন ইউটিউবারের ভিডিও থেকে এই স্ক্রিনশটটি পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ‘জ্যাকি’ নামের ওই প্রোফাইলের বায়োতে লেখা রয়েছে ‘অভিনেতা/প্রযোজক’ এবং বর্তমান অবস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যের লন্ডন শহর। উল্লেখ্য, ‘রায়া’ কোনো সাধারণ ডেটিং অ্যাপ নয়; এটি একটি ‘ইনভাইট-অনলি’ প্ল্যাটফর্ম। এখানে শুধু তারকা, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং নামী পেশাদাররাই কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যুক্ত হতে পারেন।
তবে এই প্রোফাইলটি কি সত্যিই জ্যাকির বর্তমান অ্যাকাউন্ট, বিয়ের আগের কোনো পুরোনো নিষ্ক্রিয় অ্যাকাউন্ট, নাকি কেউ তার নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছে—সে বিষয়ে এখনও কোনো সত্যতা বা প্রমাণ মেলেনি। স্বাভাবিকভাবেই এই স্ক্রিনশটটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নানা রকম প্রতিক্রিয়া ও ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে।
‘সিচুয়েশনশিপ’ মন্তব্যের পর নতুন জল্পনা
এই বিতর্কের টাইমিং নিয়ে নেটিজেনরা বেশি চর্চা করছেন। কারণ, কয়েক মাস আগেই নিজের বিয়ে নিয়ে একটি মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করেছিলেন জ্যাকি। রাকুল প্রীত সিংয়ের সঙ্গে নিজের দাম্পত্য সম্পর্ককে তিনি মজা করে ‘সিচুয়েশনশিপ’ বা একধরনের জটিল প্রেমের সম্পর্ক বলে অভিহিত করেছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তারা বিবাহিত হলেও তাদের সম্পর্কটা একধরনের সিচুয়েশনশিপের মতো, যেখানে তারা একে অপরের প্রতি একনিষ্ঠ কিন্তু সবকিছু খোলামেলা আলোচনা করতে পারেন।
সেই মন্তব্য নিয়ে তুমুল সমালোচনা হলে রাকুল প্রীত সিং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন যে, এক ঘণ্টার একটি আড্ডার মাত্র একটি লাইনকে প্রসঙ্গ ছাড়া এবং ভুলভাবে উপস্থাপন করে ক্লিকবেইট বা সস্তা খবরের শিরোনাম বানানো হয়েছে।
করোনা মহামারিতে লকডাউনের সময় একে অপরের প্রেমে পড়ার পর ২০২৪ সালে গোয়াতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। সেই জুটিকে নিয়ে ডেটিং অ্যাপের এই নতুন গুঞ্জন এখন বলিপাড়ার অন্যতম প্রধান আলোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে। জ্যাকি বা রাকুলের পক্ষ থেকে এই ভাইরাল স্ক্রিনশট নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মোঃ আল আমিন কাজী 
























