নিজস্ব প্রতিবেদক:
বগুড়া সিটি করপোরেশনকে একটি আধুনিক, টেকসই ও সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট নগরী’ হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ লক্ষ্যকে সামনে রেখে নগর উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং আধুনিক জনসেবার বিভিন্ন খাতে পারস্পরিক সম্ভাব্য সহযোগিতা নিয়ে সিটি করপোরেশন প্রশাসনের সঙ্গে বিশেষ আলোচনা করেছে তারা।
গতকাল শনিবার (১১ জুলাই) বিকেলে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ‘চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড’-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বৈঠকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদ আলী, চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার লু সেন, গ্রুপ-৪–এর সিনিয়র অর্থনীতিবিদ মাইকেল ডাই এবং বাংলাদেশ অংশের সিনিয়র ম্যানেজার নুরুল আফসার মিঠু উপস্থিত ছিলেন।
প্রাথমিক উন্নয়ন প্রস্তাবনা পেশ
গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় আলোচনায় চীনা প্রতিনিধিদল বগুড়া সিটি করপোরেশনের বিভিন্ন বৃহৎ অবকাঠামো ও পরিকল্পিত উন্নয়ন প্রকল্পে অংশীদার হওয়ার তীব্র আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে চীনের আধুনিক নগর উন্নয়নের দীর্ঘ অভিজ্ঞতা ও সফলতার আলোকে বগুড়াকে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর স্মার্ট সিটিতে রূপান্তরের একটি প্রাথমিক কৌশলগত উন্নয়ন প্রস্তাবনা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।
আলোচনায় যেসব মেগা প্রজেক্ট
বৈঠকে বগুড়া শহরের আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এর মধ্যে অন্যতম হলো— নবায়নযোগ্য জ্বালানির বহুমুখী ব্যবহার, সরকারি স্থাপনা ও সড়ক আলোকসজ্জায় সৌরবিদ্যুতের (সোলার প্যানেল) সম্প্রসারণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন। এছাড়া পরিবেশসম্মত উপায়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য থেকে পরিবেশবান্ধব জ্বালানি ও সম্পদ উৎপাদনের সম্ভাবনা নিয়ে দুই পক্ষ বিশদ আলোচনা করেন।
পাশাপাশি বগুড়ায় একটি আধুনিক সিটি করপোরেশন ভবন নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা চালুকরণ, সমন্বিত জিআইএস (GIS) ম্যাপিং, সফটওয়্যারভিত্তিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও অনলাইন নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং টেকসই সড়ক অবকাঠামো উন্নয়ন নিয়ে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত পোষণ করেন।
ঐতিহাসিক স্থান পরিদর্শন
সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে চীনা প্রতিনিধিদল বগুড়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাগবাড়ীস্থ বাসভবন, বগুড়া জেলা বিএনপির কার্যালয়, আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু শহীদ চান্দু স্টেডিয়াম এবং প্রাচীন ঐতিহ্যের স্মারক মহাস্থানগড়সহ জেলার কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় ঐতিহ্য ও আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

মোঃ আল আমিন কাজী 



















