নিজস্ব প্রতিবেদক:
দেশের ২০টি জেলার ওপর দিয়ে আজ দিবাগত রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার এমন আশঙ্কায় নৌ-নিরাপত্তার স্বার্থে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ রবিবার (১২ জুলাই) বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের ওই পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।
আবহাওয়ার এমন বিরূপ আচরণের কারণে নৌ দুর্ঘটনা এড়াতে উল্লিখিত অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি এসব এলাকার ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

মোঃ আল আমিন কাজী 



















