মোঃ আল আমিন কাজী, বিশেষ প্রতিবেদক:
ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের বিভিন্ন বন্যাকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শন শেষে তিনি পাহাড়খেকোদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তিনি জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।
ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে, বর্তমান সরকারের আমলে তা আর কোনোভাবেই চলতে দেওয়া হবে না। পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় তিনি আরও বলেন, কোথাও স্লুইচগেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়ে থাকলে, বিষয়টি গভীরভাবে তদন্ত করে এর সঙ্গে জড়িত দায়ীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমান নির্বাচিত সরকারের ওপর আস্থা রাখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। একই সঙ্গে কৃষি, মৎস্য, গবাদিপশু এবং বসতবাড়ির ক্ষতিগ্রস্তদের খুব শিগগিরই যথাযথ পুনর্বাসনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সরকার পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম শুরু করবে।
প্রতিমন্ত্রীর এই পরিদর্শনকালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোঃ আল আমিন কাজী 



















