নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী:
ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজবাড়ীতে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার শ্রীপুরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সকালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা নিবেদন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসন ও পুলিশের শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী জেলার বীর ‘জুলাইযোদ্ধাবৃন্দ’ এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে জুলাইয়ের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং এই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরবর্তীতে দিবসটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

মোঃ আল আমিন কাজী 



















