অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা:
দেশের সামগ্রিক অর্থনৈতিক সংস্কার কার্যক্রম একবারে চাপিয়ে না দিয়ে, নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও বাস্তব প্রয়োজনের ওপর ভিত্তি করে ধাপে ধাপে (সিকোয়েন্সিং) এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে আগামী দিনের একটি নির্দিষ্ট কর্মসূচির (প্রোগ্রাম) মূল ভিত্তি কী হবে, তা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর আগে যেসব নীতিগত বিষয় সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল, সেগুলোর ওপর ভিত্তি করেই এই কর্মসূচির মূল কাঠামোটি দাঁড়াবে।
জনগণের রায়ে গঠিত সরকারের নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, “নির্বাচিত সরকারের প্রতি পূর্ণ সম্মান বজায় রেখেই দেশের অর্থনৈতিক সংস্কারের যাবতীয় কাজ পরিচালিত হবে। কোনো কিছু তড়িঘড়ি করে নয়, বরং দেশের মানুষের প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে পরিবর্তনগুলো আনা হবে।”
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, “যখন যেটা প্রয়োজন হবে, তখন সেটাই করা হবে। ইতোমধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক অনেক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। বাকি যে সমস্ত সংস্কার বা পরিবর্তন বাকি রয়েছে, সেগুলোও সময় ও দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, অর্থমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট যে, দেশের অর্থনৈতিক সংস্কার একবারে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হবে না। বরং পরিস্থিতি, রাষ্ট্রের অগ্রাধিকার এবং নির্বাচিত সরকারের সামগ্রিক আর্থিক নীতির সঙ্গে মিল রেখেই অত্যন্ত সতর্কতার সাথে এই ধারাবাহিক সংস্কার কর্মসূচি এগিয়ে নেবে সরকার।

মোঃ আল আমিন কাজী 



















