নিজস্ব প্রতিবেদক, চকরিয়া (কক্সবাজার):
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সব ধরনের উদ্যোগ ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষ হওয়া মাত্রই ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর দ্রুত পুনর্বাসন করা হবে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের সরকার এবং এই দল সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থাকবে। বন্যাকবলিত কোনো মানুষ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”
ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ, সড়ক ও ক্ষতিগ্রস্ত বসতবাড়ি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং অত্যন্ত সহানুভূতির সঙ্গে তাদের দুর্ভোগের কথা শোনেন। দ্রুততম সময়ের মধ্যে বাঁধ ও রাস্তাঘাট মেরামতের জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।
ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) আ. মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মোঃ আল আমিন কাজী 


















