হেলাল শেখ:
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ধ*র্ষ*ণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৪২)।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় এ সফল অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জাকির হোসেন চুয়াডাঙ্গা জেলার রামুদা থানার দশমীপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন নাসির মাস্টারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
আশুলিয়া থানার অধীনস্থ জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাশেদের নেতৃত্বে এবং এসআই তালেবসহ পুলিশের একটি চৌকস দল সকালে এই অভিযানটি পরিচালনা করে।
আসামির অপরাধের বিষয়ে এসআই রাশেদ জানান, “জাকির হোসেনকে মূলত একটি ধর্ষণ মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তবে শুধু এই মামলাই নয়, তার বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং নিরীহ মানুষকে ফাঁদে ফেলার (ফিটিংবাজি) মতো বিভিন্ন গুরুতর অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। অপরাধী যেই হোক না কেন, আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া মেনে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। দেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে শুধুমাত্র ‘অভিযুক্ত’ হিসেবেই বিবেচিত হবেন।

মোঃ আল আমিন কাজী 



















