জনপদের খবর
জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
গাপালগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলাজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এমন আশঙ্কায় গতকাল সোমবার (২২ জুন) দিবাগত রাতে জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক তৎপরতা ঠেকাতে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে কাশিয়ানী ও মুকসুদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে সন্দিগ্ধ ৬ জনকে হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকেই জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশদ্বার ও স্পর্শকাতর স্থানগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা ও টহল লক্ষ্য করা গেছে। শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহল দিচ্ছেন সেনা সদস্যরাও।
মাঠপর্যায়ের চিত্র অনুযায়ী, জেলার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত সম্পূর্ণ শান্ত রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা শান্তি বিঘ্নিত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে অন্যান্য দিনের তুলনায় আজ রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল এবং লোকসমাগম কিছুটা কম দেখা যাচ্ছে। যান চলাচলও অন্যান্য দিনের চেয়ে কিছুটা সীমিত।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফউজ-জামান জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে পুরোপুরি স্বাভাবিক ও শান্ত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মাঠে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে বলে তিনি উল্লেখ করেন।

মোঃ আল আমিন কাজী 



















