নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের সিংড়া উপজেলায় এক কলেজছাত্রী নিজের ধর্ম পরিবর্তন করে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেছেন। তবে এই বিয়ে এবং ধর্মান্তরের বিষয়টি মেয়েটি সম্পূর্ণ স্বেচ্ছায় করেছেন বলে দাবি করলেও, এতে আপত্তি জানিয়েছে তাঁর পরিবার।
খোঁজখবর নিয়ে জানা গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওই তরুণী নিজের নাম রেখেছেন অন্বেষা ইসলাম অর্পা (১৯)। তাঁর আগের নাম ছিল অন্বেষা সাহা। তিনি সিংড়া উপজেলার হাটসিংড়া গ্রামের ব্যবসায়ী বিপ্লব কুমার সাহা ও বাসনা সাহা চন্দ্রিমার মেয়ে এবং বর্তমানে রাজশাহী কলেজে অনার্সে অধ্যয়ন করছেন। অন্যদিকে তাঁর স্বামী রিয়াজুল ইসলাম উদ্দিন রিয়াজ (২৩) সিংড়ার ওয়ালটন মোড় এলাকার বাসিন্দা।
তরুণী অন্বেষা ইসলাম অর্পা জানান, গত ৮ জুন তিনি কোনো প্রকার প্রলোভন বা জোরজবরদস্তি ছাড়াই স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করেন। একই দিনে রাজশাহীতে দেশের প্রচলিত আইন ও ধর্মীয় রীতি অনুযায়ী রিয়াজুলের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে তাঁরা একসাথেই সংসার করছেন।
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে অর্পা বলেন, “আমাদের মধ্যে গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্পূর্ণ নিজের বিশ্বাস ও ইচ্ছা থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমাকে কেউ কোনো ভয়ভীতি দেখায়নি।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় অর্পা দাবি করেন, বিয়ের পর থেকে তাঁর পরিবারের সদস্যরা তাঁর স্বামীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। এমনকি পুলিশ নিয়ে এসে তাঁকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করায় তাঁরা বর্তমানে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন।
আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে নোটারি পাবলিকের কার্যালয়ে সম্পাদিত একটি হলফনামায় অর্পা উল্লেখ করেছেন, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তিনি স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন ও নাম সংশোধন করেছেন এবং এই প্রক্রিয়ায় কোনো ধরনের বলপ্রয়োগ করা হয়নি।
এদিকে রিয়াজের দাদি সুফিয়া বেগম অভিযোগ করে জানান, তরুণ-তরুণীর খোঁজে প্রায়ই পুলিশ তাঁদের বাড়িতে এসে তল্লাশি চালাচ্ছে, যা তাঁদের জন্য বেশ বিব্রতকর।
এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী জানান, মেয়ের পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মামলা দায়ের করা হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী খুব দ্রুতই ওই তরুণীর বক্তব্য গ্রহণ করা হবে এবং পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মোঃ আল আমিন কাজী 



















