মো. আল আমিন কাজী, নিজস্ব প্রতিবেদক:
টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একাংশ পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে নিরাপত্তার স্বার্থে এই রুটে কক্সবাজারগামী সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আকস্মিক এই সিদ্ধান্তে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শত শত যাত্রী।
আজ বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমানের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে ট্রেন চলাচল বন্ধের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথের জানআলীহাট এবং ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী সেকশনে রেললাইনের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বর্তমানে ওই এলাকার রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে ডুবে আছে। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পানি না নামা পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ চট্টগ্রাম পৌঁছানোর পর লাইনে পানি থাকায় সেটি আর কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি। পরে বাধ্য হয়ে ট্রেনটি যাত্রীদের নিয়ে চট্টগ্রাম থেকেই পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে আজ ঢাকা থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটিও ভোররাত থেকে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেললাইন থেকে পানি সম্পূর্ণ না নামা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না বলে স্পষ্ট জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভোগান্তিতে পড়া যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে। যেসব যাত্রী তাদের ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম রেলস্টেশনের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত (রিফান্ড) নিতে পারবেন। আর যেসব যাত্রী পুনরায় ঢাকায় ফিরে যেতে চান, তারা আজ বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে আটকে থাকা ওই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনেই ঢাকায় ফিরতে পারবেন।
আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক এই ভোগান্তির জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

মোঃ আল আমিন কাজী 



















