নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদে নিজের একটি ব্যক্তিগত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে সারা দেশে বৃষ্টিতে বিঘ্নিত হওয়া তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শুরুতেই শিক্ষামন্ত্রী এই দুঃখ প্রকাশ করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ব্যক্তিগত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ
সংসদে ফ্লোর নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমার একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে চাই, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার জন্য আমি কিছু বলিনি। তারপরও আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকেন, সিম্পলি আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি।” এ সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মন্ত্রীর এই ইতিবাচক মনোভাব ও দুঃখ প্রকাশকে স্বাগত জানান।
পরীক্ষা পেছানো ও পুনরায় নেওয়ার সিদ্ধান্ত
সংসদে সাম্প্রতিক পরীক্ষা পেছানোর দাবি ও প্রাসঙ্গিক পরিস্থিতি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষার দিন প্রচণ্ড বৃষ্টি ছিল। এর ফলে অনেক শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে কেন্দ্রে পৌঁছেছে এবং অনেকেই সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি বলে মন্ত্রণালয়ে অভিযোগ এসেছে।
মন্ত্রী বলেন, “আমরা যদিও প্রশ্নপত্রের ব্যাপারে সবসময় সজাগ ছিলাম, তারপরও শিক্ষার্থীদের পক্ষ থেকে যেহেতু এই পরীক্ষাগুলো নিয়ে দাবি এসেছে, তাই আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি।”
তিনি আরও জানান, বন্যার কারণে ইতোমধ্যেই চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে, যা পুনরায় নিতেই হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা ভেবেচিন্তে দেখেছি, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার জন্য যখন আরেকটি নতুন প্রশ্নপত্রের সেটে পরীক্ষা নিতে যাব, ঠিক সেই সময়েই ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাববিজ্ঞানের পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারব ইনশাআল্লাহ।”
শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেছেন বলে জানা গেছে।

মোঃ আল আমিন কাজী 



















