মো. আল আমিন কাজী, নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের হাকিমপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এই অভিযানে মাদক সেবনের অভিযোগে এক নারীসহ চারজনকে হাতেনাতে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— হাকিমপুর পৌর শহরের মধ্য বাসুদেবপুর এলাকার আফজাল হোসেনের মেয়ে মোছা. সাথী আক্তার (৪০), আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. শাকিল (২২) ও একই এলাকার জুয়েল হোসেনের ছেলে মো. শিহাব (২২) এবং পালশা পাঠানপাড়া এলাকার শুকুর আলীর ছেলে মো. আবু সাঈদ (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে মাঠে নামে। অভিযান চলাকালে নির্দিষ্ট এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় ওই চারজনকে আটক করা হয়।
পরে আটকদের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় অপরাধ প্রমাণিত হওয়ায় চারটি পৃথক মামলায় তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “মাদকের বিস্তার রোধে এবং সমাজকে মাদকমুক্ত করতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত ওই চারজনকে কারাদণ্ড প্রদান করেছেন। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
মাদকের বিরুদ্ধে এ ধরনের আকস্মিক ও যৌথ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মোঃ আল আমিন কাজী 



















