নিজস্ব প্রতিবেদক:
বর্ষার মওসুমে দেশের আবহাওয়া জুড়েই এখন মেঘ-বৃষ্টির খেলা। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথাও জানানো হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা জারি করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে তীব্র গতিতে হাওয়া বয়ে যেতে পারে। অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার পাশাপাশি এই ১৯টি অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
ঝড়-বৃষ্টির সময় এসব অঞ্চলের নদীবন্দরে চলাচলরত নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে আকস্মিক দুর্ঘটনা এড়াতে দেশের সব অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত মেনে চলতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
মওসুমি বায়ুর প্রভাবেই দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এই বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। বিশেষ করে নদী অববাহিকা ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

মোঃ আল আমিন কাজী 



















